পাঁচ বছর পর ফের একসঙ্গে জন ও নোরা
- আপডেট সময় : ০৭:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের পর্দায় আইটেম গান বা বিশেষ ড্যান্স নাম্বারের প্রসঙ্গ এলে যে কয়েকটি জুটির কথা সবার আগে মাথায় আসে, জন আব্রাহাম ও নোরা ফাতেহি তাদের মধ্যে অন্যতম। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গান দিয়ে এই জুটির যাত্রা শুরু হয়েছিল। সেই গানটি শুধু ইন্টারনেট দুনিয়ায় ঝড়ই তোলেনি, বরং রাতারাতি নৃত্যশিল্পী হিসেবে নোরা ফাতেহিকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। ওই সিনেমায় জন আব্রাহামের অ্যাকশন অবতারের সঙ্গে নোরার দুর্দান্ত নাচের রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল।
সেই সুপারহিট জুটি আবারও একসঙ্গে ফিরছেন। ‘ফোর্স ৩’ সিনেমার একটি গানে দেখা যাবে নোরা ফাতেহিকে। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন জন ও নোরা।
সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি যেহেতু অ্যাকশননির্ভর এবং দর্শকপ্রিয়তা রয়েছে; সেসব দিক মাথায় রেখে বড় পরিসরে গানটির আয়োজন করছেন নির্মাতারা। গানের ধরনে যেমন নৃত্যের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে, তেমনি এর চিত্রায়নেও থাকবে জমকাল আয়োজন।
জন আব্রাহাম ও নোরা ফাতেহি।
‘ফোর্স ৩’-এ আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে ফিরছেন জন আব্রাহাম। ২০১১ সালে ‘ফোর্স’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘ফোর্স ২’। তৃতীয় কিস্তিতে জনের সঙ্গে থাকছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা, সূর্য শর্মা প্রমুখ।
বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। ২০২৭ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স ৩’।























