তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল
- আপডেট সময় : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। এই জয়ের মধ্য দিয়ে ২০২৭ এশিয়া কাপেও জায়গা নিশ্চিত করেছে দলটি। শনিবার কুয়ালালামপুরের বায়ুএমাস ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নেপাল।
নেপাল এনিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপে অংশ নিচ্ছে। ২০২৩ সালে তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েছিল। আগামী বছর মাঝামাঝি সময়ে বাংলাদেশের মাটিতে এশিয়ার শীর্ষ ক্রিকেট প্রতিযোগিতা হবে।
আজ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে এশিয়া কাপের টিকিট কেটেছে নেপাল। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে ৯ উইকেটে ৩১৩ রান করে নেপাল।
ওপেনার আসিফ শেখ ১০৬ বলে ১০২ রান করে শক্ত ভিত গড়েন। তারপর রোহিত পাউডেল (৪০) ও গুলশান ঝা (৫২) ভালো অবদান রাখেন। আমিরাতের হয়ে সেরা বোলিং করেন ইবরার আহমেদ। ৬২ রানে চার উইকেট নেন তিনি।
বড় লক্ষ্যে নেমে তানিশ সুরি ভালো শুরু এনে দেন। ২৮ বলে ৪২ রান করেন তিনি। তবে করন কেসি ও ললিত রাজবংশীর দুর্দান্ত বোলিংয়ে পেরে ওঠেনি তারা। দুই বোলার যথাক্রমে তিন ও দুটি উইকেট নেন ৪৯ ও ৪৩ রান খরচায়। রাহুল চোপড়ার অপরাজিত ১০০ ও সোহাইব খানের ৫২ রানের ইনিংসে কেবল ব্যবধান কমাতে পেরেছে তারা। আমিরাতকে ২৬৯ রানে অলআউট করে ৪৪ রানে জিতে এশিয়া কাপে জায়গা করে নেয় নেপাল। সিরিজে ১৭ উইকেট নিয়ে সেরা হয়েছেন সন্দীপ লামিছানে।

























