যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো. সাকিব আহম্মেদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, গতকাল রোববার সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

























