আইএমএফের নতুন ঋণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে
- আপডেট সময় : ১১:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে নিতে চায় সরকার। আগামী জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করে ফেব্রুয়ারির মধ্যে ঋণের পরিমাণ, শর্ত ও সংস্কার পরিকল্পনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর আশা করা হচ্ছে। নতুন কর্মসূচিতে ৪৫০ কোটি থেকে ৫০০ কোটি ডলার ঋণ পাওয়ার সম্ভাবনা থাকলেও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আজ রোববার কক্সবাজারের একটি হোটেলে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ ও সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।
তিনি বলেন, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের সময়ে। সে সময় যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি।
এ কারণে আইএমএফের শর্ত বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার। ইতোমধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে। একইভাবে আইএমএফের কর্মসূচিও সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে আলোচনা চলছে।
সরকারের যুক্তি, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। তাই দেশের অগ্রাধিকার, সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উন্নয়ন সহযোগীদের কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।
অর্থমন্ত্রী জানান, আইএমএফের ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তবে শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা চলছে। এ লক্ষ্যে দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এসব আলোচনা ও সমন্বয়ের কাজ শেষ হবে বলে সরকার আশা করছে। এরপর ঋণ কর্মসূচি আবার স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এদিকে সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।




















