ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬
- আপডেট সময় : ০৭:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালের আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশের তথ্যমতে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শশীদল ইউনিয়নের পূর্বপাড়া আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ব্রিজের ওপর থেকে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় শফিউল আলম (২০), সালাউদ্দিন হোসেন সাগর (২২) ও আক্তার হোসেন (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৃথক আরেক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত মো. শহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত মো. সাইফুল ইসলাম (৩৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সামারি ট্রায়ালের জন্য পাঠানো ব্যক্তিরা হলেন—সুমন মিয়া (৫০), মো. আলমগীর (৩০), মো. হাসান (২৮), মো. আনোয়ার খান (২৯), মো. মালু মিয়া (২৫), মো. মোরশেদ (২৩), মো. জসিম (৩১), মো. আলীম (৪২), মো. রমজান (২৫), মেহেদী হাসান (১৯) ও মো. জসিম (৪৫)।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাইকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উদ্ধার করা মাদক ও অটোরিকশা পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।






















