বিআইডব্লিউটিএ শাখা ‘বঙ্গবন্ধু পরিষদ’ সভাপতি ও জুলাই মামলার আসামিকে প্রধান প্রকৌশলী করার তোড়জোড়
- আপডেট সময় : ১১:২২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিতর্কিত কর্মকর্তা ও জুলাই অভ্যুত্থানের হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ছাইদুর রহমানকে সংস্থাটির শীর্ষ পদ ‘প্রধান প্রকৌশলী’ হিসেবে উন্নীত করার তোড়জোড় চলছে। সম্প্রতি তার পদোন্নতি সংক্রান্ত ফাইলটি সংস্থাটির চেয়ারম্যানের দপ্তরে পেশ করা হলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে বিআইডব্লিউটিএ শাখা ‘বঙ্গবন্ধু পরিষদ’-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে প্রভাবশালী ভূমিকা পালন করেন ছাইদুর রহমান। সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ এই কর্মকর্তা জুলাই আন্দোলন বানচাল করতে নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তিনিও একটি হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও নানা মহলের তদবির ও কৌশল পরিবর্তনের মাধ্যমে তিনি এখন সর্বোচ্চ পদটি বাগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।
নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর বদলির বিধান থাকলেও, বিআইডব্লিউটিএর আলোচিত ড্রেজিং বিভাগে টানা ১৬ বছর বহাল তবিয়তে ছিলেন ছাইদুর রহমান। দীর্ঘ এ সময়ে তিনি প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার একাধিক মেগা প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৪৮ কোটি টাকার মাদারীপুর-গোপালগঞ্জ নৌপথ খনন, ১,৯২৩ কোটি টাকার ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং এবং বর্তমানে চলমান ৪,৪০৯ কোটি টাকার ব্রহ্মপুত্র-ধরলা-তুলাই নদীর নাব্যতা উন্নয়ন প্রকল্প অন্যতম। এসব প্রকল্পে নানা সময়ে ব্যাপক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সম্প্রতি গণমাধ্যমকে জানান, অভিযুক্ত কর্মকর্তার মামলার বিষয়টি তার জানা ছিল না। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা ছাইদুর রহমানের কার্যালয়ে গেলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানানো হয় এবং সাক্ষাৎ পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চলবে…..























