রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে লালবাগ থানার নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সজীব নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

























