বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ
- আপডেট সময় : ০৯:২৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওবার্তায় ঘটনার বর্ণনা দেন তিনি। এরপরই বাঁধনের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ১২২ জন শিল্পী। এক বিবৃতিতে তারা বলেন, একজন শিল্পী তার রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে আক্রমণের শিকার হতে পারেন না। এটি শুধু নিন্দনীয় ঘটনা নয়, বরং শিল্পীর স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় দেশের বহু শিল্পীর সঙ্গে আজমেরী হক বাঁধনও অন্যায়, হত্যা, দমন ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছিলেন। তবে কোনো শিল্পীর রাজনৈতিক মত বা অবস্থান ভিন্ন হওয়ার কারণে তাঁকে অপমান, ভয় দেখানো কিংবা শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই।
দৃশ্যশিল্পী সমাজ আরও বলেছে, রাজনৈতিক মতের বিরোধিতা কখনোই সহিংসতার লাইসেন্স হতে পারে না। একজন নারী শিল্পীর গায়ে হাত তোলা কিংবা তাকে প্রকাশ্যে হেনস্তা করা কোনো প্রতিবাদের ভাষা নয়; এটি সহিংসতারই বহিঃপ্রকাশ।
বাঁধনের প্রতি দৃঢ় সংহতি জানিয়ে তারা স্পষ্ট করেছে, শিল্পীর শরীর কোনো রাজনৈতিক প্রতিশোধের ক্ষেত্র নয় এবং শিল্পীর কণ্ঠও কোনো ভয়ের কাছে জিম্মি হতে পারে না। একই সঙ্গে হামলার ঘটনায় যথাযথ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
























