সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলরকে ছুরিকাঘাতে হত্যা
- আপডেট সময় : ১০:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলরকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নবনির্বাচিত কাউন্সিলরের নাম তরিকুল ইসলাম। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে তিনি ৮৫ ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
নিহত তরিকুল ইসলাম শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানান, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তরিকুল ইসলাম। আজ বিকেলে নিজ কেন্দ্রের ভোটের ফল পাওয়ার পর পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্রে ভোটের ফলাফল নেয়ার জন্য যান তিনি।
সেখানে ফলাফলে বিজয়ী জেনে কেন্দ্র থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সমর্থকরা তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তরিকুল ইসলাম। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় তিনি।
সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার পরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।


























