২৪ নভেম্বর শেষ ধাপে সালমান-আনিসুলের মামলা, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
- আপডেট সময় : ০৫:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। মামলার মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তার জবানবন্দির মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।
১৪তম সাক্ষী কামরুল হাসানের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় আজ। তিনি এ মামলার জব্দতালিকার সাক্ষী। মামলার তদন্তকালে আলামত ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ, জব্দতালিকা প্রস্তুত এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নিজের উপস্থিতি ও ভূমিকা সম্পর্কে সাক্ষ্য দেন তিনি।
এসময়, ট্রাইব্যুনালে প্রসিকিউটর মামুনুর রশিদ, সহিদুল ইসলাম সরদার, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন জানায়, এ মামলায় প্রত্যক্ষদর্শীসহ ঘটনার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৪ নভেম্বর মামলার মূল তদন্ত কর্মকর্তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ পর্ব শেষ হবে। এরপর যুক্তিতর্কের ধাপ বাকি থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ২০২৫ সালের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেওয়া হয়।
প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, ১৯ জুলাই ফোনালাপে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলা, ২৩ জুলাই মিরপুরে হত্যাকাণ্ডে প্ররোচনা, ২৮ জুলাই মিরপুর-১০ এ মারণাস্ত্র ব্যবহারে উসকানি এবং ৪ আগস্ট মিরপুর-১ এ ১২ জনকে হত্যার ঘটনায় প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এছাড়া ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে পরিকল্পনা এবং সালমান-আনিসুলের নির্দেশে মিরপুর-২, ১০ ও ১৩ নম্বরে ১৬ জনকে হত্যার অভিযোগও এনেছে রাষ্ট্রপক্ষ।
























