বাকলিয়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৫:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় বাসার সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে তক্তারপুল এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।পুলিশের ভাষ্য, মাদক ব্যবসার বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তক্তারপুল এলাকায় আব্দুর সুবাহানের বাড়ির সামনের গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য জানান দিতে এ হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে গুরুতর আহত হন সুবাহান। স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, সুবাহান হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
























