শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন
- আপডেট সময় : ০৫:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ১৭ জুলাই ২০২৬| নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ডুবুরি সাদিক শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানাজা শুরুর আগে নিহত ডুবুরি সাদিকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিসের পরিচালক। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ডুবুরির সংক্ষিপ্ত কর্মজীবন তুলে ধরা হয়।
এ সময় মরহুমের পিতা সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবার কাছে তার ছেলের জন্য ক্ষমা ও দোয়া কামনা করেন। উপস্থিত কর্মকর্তা, সহকর্মী ও স্বজনরাও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশবাহী অ্যাম্বুলেন্সে করে সাদিকের মরদেহ তার নিজ জেলা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের উদ্দেশে নিয়ে যান। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, কর্তব্যরত অবস্থায় নিহত ডুবুরি সাদিকের এই মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

























