এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৪:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় নতুন করে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক। বাকি দুজন স্ক্যানিং বিভাগের কর্মী। মামলার এজাহারে তাঁদের নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সিআইডি।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা মেট্রো হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭)। অপরজন প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে। আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। তিনি নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। বোর্ডের সচিব মামলাটির বাদী।
মামলার এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪ নম্বরকে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩ নম্বরকে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ নম্বরকে ৮২ করা হয়। এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানোর অভিযোগ আনা হয়েছে।
এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলেও নানা অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি। ফলে আগের ওই মামলার তদন্ত নিয়েও প্রশ্ন রয়ে গেছে।

























