মহাষষ্ঠীতে দেবীর অধিবাস, পটুয়াখালীর মণ্ডপে মণ্ডপে শুরু পূজা
- আপডেট সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পূজামণ্ডপগুলো। শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। সকালে বেলতলায় পূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার অধিবাসের আনুষ্ঠানিকতা। এর মাধ্যমে মর্ত্যে দেবীকে আমন্ত্রণ জানানো হয়। পরে পুরোহিত দেবীর মুখ উন্মোচন করেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ধূপের ধোঁয়া, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা।
সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হন দেবী দুর্গা। অসুর বধের মধ্য দিয়ে তিনি সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পূজিত হন।





















