২ টাকার জন্য যুবককে হত্যা
- আপডেট সময় : ১১:১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে মুদি দোকানি ও ক্রেতার মধ্যে ২ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।
উপজেলার ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের আব্দুল গফফারের ছেলে।
পুলিশ জানায়, বেগুনবনিয়া গ্রামের নুরুন্নবীর ছেলে আব্দুল গফুর বাড়ির পাশে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করেন। জাহাঙ্গীর দোকান থেকে পান-সিগারেট খাওয়ার বিল দিতে গেলে গফুর ১২ টাকা দাবি করেন। এ সময় জাহাঙ্গীর ১০টাকা বিল হয়েছে দাবি করলে কথা কাটাকাটি হয়। মাত্র ২ টাকা নিয়ে এই বিরোধ মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে রুপ নেয়। এক পর্যায়ে দোকানদার গফুর তার দোকানে থাকা কাঁচের গ্লাস ভেঙে জাহাঙ্গীরেরর পেটে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জাহাঙ্গীরকে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আব্দুল গফুরকে গ্রেফতার করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























