প্রেমের বাজার — আলেয়া মান্নান
- আপডেট সময় : ১১:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মন নিয়ে বসেছো তুমি প্রেমের বাজারে,
পণ্যের মতো যাচাই করছো— কে কত দাম করে!
উজাড় করে দিয়েছি পরান, পেয়েছি কত লাঞ্ছনা;
আমি ভেবেছি অবুঝ তুমি, তাই তো তুমি প্রেমের মূল্য দিচ্ছো না।
মনদরদি হওনি তুমি, তাই তো চাওনি মোরে;
সারাক্ষণ ভাবি বেকার, বাঁধনি তুমি প্রেমের ডোরে।
বুঝেছি, তোমার হৃদয়ে শতজনকে দিলে ঠাঁই,
নিজেকে তুমি বাজারে তুলেছো করিতে বাছাই।
প্রেমের হাটে, হৃদয়-বাজারে বাদ পড়েছি আমি;
টাকার কাছেই মন বিক্রি করতে চাও তুমি?
আমিও তোমায় ত্যাগ করবো, আর যাবো না ফিরে;
নিত্য প্রেমের বাজার বসাও তোমার জীবন-নীড়ে।
চাইলেও তুমি পাবে না আমায়, হবো না বাজারের পণ্য;
হাজার প্রেমীর পরশ পেয়ে হয়ে যাও তুমি ধন্য।
কবিতা লেখার ভিতরে আমি করে নিয়েছি ঠাঁই;
তোমার মূল্য বাজারে উঠুক, আমার মনে জায়গা নাই।
পণ্য হয়ে প্রেম-বাজারে ভেবেছো তুমি ধন্য,
সস্তা রূপে হাজার জনের হয়েছো— দেখবে অন্য।
মন নিয়ে বসেছো তুমি প্রেমের বাজারে,
পণ্যের মতো যাচাই করছো— কে কত দাম করে!

























