৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো শরিফুল রাজকে
- আপডেট সময় : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কমতি নেই শরিফুল রাজের। তবে কাজের ব্যস্ততার মধ্যেই এবার তার বিরুদ্ধে উঠেছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার আর্থিক ক্ষতির অভিযোগ এনে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা। কোনো ছবির শুটিং শেষ, কোনোটি নিয়ে চলছে প্রস্তুতি, আবার নতুন কোনো প্রকল্পে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
সম্প্রতি একটি সিনেমায় চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেছেন শরিফুল রাজ। আবার আগামী কুরবানির ঈদে তার আরেকটি সিনেমা মুক্তির লক্ষ্যে কাজ করছেন তিনি। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ নির্মাণে সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। এটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে। এ সিনেমায় রাজের সঙ্গে থাকছেন সাবিলা নূর। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।
এর মধ্যেই শরিফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন এক প্রযোজক। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার এ অভিনেতার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন। প্রযোজকের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে অভিনেতাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সেখানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে জবাব দিতে বলা হয়েছে।
উকিল নোটিশে জানানো হয়েছে— প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি এবং এক্সক্লুসিভিটি-সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছেন শরিফুল রাজ। ফলে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক। তাই ৪৮ ঘণ্টার মধ্যে অভিনেতাকে জবাব দিতে বলা হয়েছে। যথা সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার সুমি প্রযোজিত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছরের ঈদুল ফিতরে। এরপর তার প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ নামে আরেকটি সিনেমা। এ ছাড়া জানা গেছে, শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামের আরও একটি সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে প্রযোজক শাহরিন আক্তার সুমির।















