ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে ৪-০ গোলে হারল ভারত
- আপডেট সময় : ০৩:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় এক রাত। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক এই লড়াইয়ে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত ব্রাজিলকে গোল বঞ্চিত রাখে ফিফা র্যাংকিংয়ের ১৩৮তম স্থানে থাকা ভারত।
২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় র্যাংকিংয়ের ষষ্ঠ দল ব্রাজিল। বল নিয়ে ভারতের ডি বক্সের ভেতরে ঢুকে বাঁ-পায়ের কোনাকুনি শটে গোল করেন এস্তেভাও।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে দ্বিতীয় গোল করে ব্রাজিল। ৪২ মিনিটে ডানদিক দিয়ে ডি বক্সে ঢুকে বল জাল জড়ান পেদ্রো। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
৫৮ মিনিটে ব্রাজিলকে তৃতীয় গোল এনে দেন লিনো। পেদ্রোর যোগান দেওয়া বল নিয়ে ডি বক্সে ঢুকে চিপ শটে গোল করেন লিনো।
৩-০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের পথ নিশ্চিত করে ফেলে ব্রাজিল।
৬৪ মিনিটে ভারতের রায়ান উইলিয়ামসের শট দক্ষতার সাথে রুখে দেন ব্রাজিল গোলরক্ষক পেদ্রো মরিসকো।
৭০ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিল ভারত। ব্রাজিলের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মানবীর সিং।
নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইনজুরি সময়ে পঞ্চম মিনিটে ভারতের জালে চতুর্থবারের বল পাঠায় ব্রাজিল।
ভারতের বক্সের ভেতরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দ্বিতীয়বারের মতো গোল করেন লিনো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। প্রথমটি ১-১ গোলে ড্রর পর দ্বিতীয়টি ৪-২ গোলে জিতেছিল আনচেলত্তির দল।























