দুই সিবিএ নেতা কারাগারে, একজন লাপাত্তা, নিচ্ছুপ যমুনা অয়েল কর্তৃপক্ষ
- আপডেট সময় : ১০:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ার পরও যমুনা অয়েল কোম্পানির দুই শীর্ষ সিবিএ নেতার বিরুদ্ধে এখনো কোনো বহিষ্কার কিংবা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। সংগঠনটির সভাপতি মো. আবুল হোসেন আট মাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব দুই মাস ধরে কারাগারে থাকলেও তারা এখনো চাকরিতে বহাল রয়েছেন।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন টুটুল লাপাত্তা থাকলেও তার বিরুদ্ধেও কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি। অতীতে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে কর্মচারীদের সাময়িক বরখাস্তের নজির থাকলেও এই তিনজনের ক্ষেত্রে সেই পদক্ষেপ না নেওয়ায় আলোচনা তৈরি হয়েছে।
যমুনার শক্তিধর সিবিএ নেতা হিসেবে এই তিনজনের আলাদা পরিচিতি রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা শ্রমিক লীগ করলেও পটপরিবর্তনের পর শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত হতে থাকেন। আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধেই মামলা রয়েছে। এসব মামলায় আবুল হোসেন ও মোহাম্মদ এয়াকুব সম্প্রতি কারাগারে যান। তবে তাদের বিরুদ্ধে যমুনা অয়েল কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি।
এ বিষয়ে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ জানান, তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
















