দক্ষিণখানে দেবরের হাতে ভাবি খুন
- আপডেট সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ৩১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে রাজধানীর দক্ষিণখানে টিএসি কলোনিতে দেবরের ছুরিকাঘাতে শারমিন আক্তার নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন মা হামিদা বেগমও।
আহতাবস্থায় টঙ্গী হাসপাতালে নেয়ার পথে মারা যান গৃহবধূ শারমিন আক্তার। একই ঘটনায় মা হামিদা বানুকে আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান দক্ষিণ খান থানার ওসি তপন সাহা।
তিনি বলেন, উত্তরা ৬ নম্বর সেক্টরের পাশে রেললাইনের পূর্ব পাশে এই কলোনীতে থাকত শফিকুলের পরিবার। সেই শফিকুলই ছুরিকাঘাত করেছে ভাবিকে। এ সময় মা দৌড়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে শফিকুল। পরে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ভাবিকে মৃত ঘোষণা করেন। পুলিশ ওই বাড়িতে তদন্তের জন্য কাজ শুরু করেছে।
ওসি জানান, শফিকুল গত বছর ইতালি গিয়েই বছরের শেষ দিকে বাড়ি ফিরে আসেন। বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। কলহের জেরে শফিকুল এ ঘটনা ঘটিয়েছেন প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর থেকে শফিকুল পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করা গেলে ঘটনার নেপথ্যের কারণ জানা যাবে।



















