সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করার অপরাধে দুই মৎস্য ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০ কেজি চিংড়ি মাছ জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার নুরনগর বাজারের মৎস্য আড়তে এ অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন, শ্যামনগর উপজেলার নুরনগর বাজারে মৎস্য ব্যবসায়ী মো. হাবিবুল্লাহ ও মো. নুরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনগর বাজারের দু’টি মৎস্য আড়তে চিংড়িতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এ অভিযানকালে অপদ্রব্য পুশ করার অপরাধে ওই দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত মৎস্য ব্যাসায়ী হাবিবুল্লহকে ৫০ হাজার ও ব্যবসায়ী নুরুজ্জামানকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত ৮০ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তারা ও শ্যামনগর থানা পুলিশের একটি টিম।