নিজস্ব প্রতিবেদক : মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ঘনিষ্ঠ সহচর তসলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জালাল উদ্দিন জানান, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তসলিম চৌধুরী।
গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত তসলিম চৌধুরী। মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন তিনি।
এ ছাড়া কারাগারে বন্দী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত দেখা করতেন তসলিম চৌধুরী। গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে সর্বশেষ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।