চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে থেকে ইয়াবা সহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত হাশিম খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে থেকে হাশিম খান নামের সন্দেহভাজন একব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুইহাজার ৮৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে আটলাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।