চট্টগ্রাম প্রতিনিধি : সংসদ সদস্য সরোয়ার আলমগীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এই দেশকে নতুনভাবে গড়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু পলাতক ফ্যাসিস্টরা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি শুক্রবার ফটিকছড়ির আব্দুল্লাহপুরে শকামুণি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসন থেকে বাংলাদেশ যেদিন পা রেখেছেন সেই দিন বলেছিলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই মিলেই বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশি হিসেবে দেশকে গড়ে তুলব। সুতরাং আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে প্রধানমন্ত্রীর সেই ভিশন বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি বলেন, ফটিকছড়িতে প্রতিটি ক্ষেত্রে এখন উন্নয়নকাজ চলমান রয়েছে। আজ এ বৌদ্ধ বিহারে অনুদান দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সকল বিহার উন্নয়নের আওতায় আনা হবে।
ভদন্ত প্রিয়দর্শী মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আবদুল্লাহপুর শকামুণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যলংকার ভিক্ষু। বাবু সাগর বড়ুয়া ও বাবু টিপন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, জাফাতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু উদ্দিন প্রমুখ।