নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।
শুক্রবার বিকেলে বরিশাল নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এবং বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।