নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সফরে দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এর আগে আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
এ সফরে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।
দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।