নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।
বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।