আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো আলোচনার প্রস্তাবকে ইতিবাচক পদক্ষেপ বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তিনি জানিয়েছেন, এখনই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ভ্যান্সের চিঠি নিয়ে ইরানের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
চলতি সপ্তাহের শুরুতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে চিঠিটি পাঠান ভ্যান্স। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, চিঠিতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরুর প্রস্তাব দিয়েছিলেন ভ্যান্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করেছেন। তিনি বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য নয়, বরং ইরানে চিকিৎসাসামগ্রী প্রবেশের অনুমতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ওই প্রস্তাব দেওয়া হয়েছিল।