নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা যুবদল নেতা জহির ফকিরের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক ছিলেন। তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা। তবে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন তিনি।
সড়কের পাশে জহির ফকিরের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে তিনি আহত হয়েছেন এবং তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ওই যুবদল নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।