খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমান নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে শিরোমণি থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পরে ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে খুলনার দিকে আসা একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ফজলুর রহমান।
স্থানীয় লোকজন ফজলুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফজলুর রহমান পুলিশের সিআইডি বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বারান্দি ফকিরহাট এলাকার মৃত আবু তালেব খানের ছেলে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।